
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত এবং গিরিধর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাস আর নেই। আজ ১৪ মে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
উপেন্দ্র কুমার দাস উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি গিরিধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘকাল অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াতে তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ কারিগর। তাঁর হাতে গড়া হাজারো শিক্ষার্থী আজ দেশে ও প্রবাসে সুপ্রতিষ্ঠিত। তাঁর বিনয়ী স্বভাব এবং অগাধ পাণ্ডিত্যের কারণে তিনি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো শাল্লা উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে তাঁর নিজ গ্রাম কাশিপুরের মহাশ্মশান ঘাটে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর প্রয়াণে সুনামগঞ্জের শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা, তাঁর বিদেহী আত্মা শান্তি লাভ করুক।
আপনার মতামত লিখুন :