শাল্লা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন /
শাল্লা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে কলেজ মিলনায়তনে মুসলিম ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই পবিত্র ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ দাস। মাহফিলে ‘নামাজ ও মানব জীবনে নামাজের গুরুত্ব’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম।
​বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মসজিদের খতিব মোয়াজ্জেম হোসেন। বক্তারা তাদের আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায় ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করার উদাত্ত আহ্বান জানান।
​আলোচনা পর্ব শেষে মিলাদ পাঠ করেন শাল্লা থানা মসজিদের মুয়াজ্জিন ক্বারী সাইদুর রহমান। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।
​উক্ত মাহফিলে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।