শাল্লায় সুরমা নদীতে নিখোঁজ যুবক: মেলেনি সন্ধান, স্বজনদের কান্নায় ভারী বাতাস


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন /
শাল্লায় সুরমা নদীতে নিখোঁজ যুবক: মেলেনি সন্ধান, স্বজনদের কান্নায় ভারী বাতাস

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবক মো. জহুরুল ইসলামের (২৫) সন্ধান এখনো মেলেনি। মঙ্গলবার (১২ মে) সকালে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সময় যত গড়াচ্ছে, নিখোঁজ যুবকের পরিবার ও স্বজনদের আহাজারিতে সুরমার তীরের বাতাস ততই ভারী হয়ে উঠছে। নিখোঁজ জহুরুল উপজেলার ২ নং ওয়ার্ডের শ্রীহাইল (ছিতার কান্দি) গ্রামের মো. মালেক মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ:

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জহুরুল ইসলাম নিজ গ্রাম শ্রীহাইল থেকে নৌকাযোগে শাল্লা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুরমা নদীর ‘খরচ বাগান’ এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্যমতে, জহুরুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নৌকা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেছেন।

উদ্ধার অভিযান:

ঘটনার পর থেকে স্থানীয়রা কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে তার কোনো হদিস পাননি। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানিয়েছেন, প্রশাসন ও ডুবুরি দলের উদ্ধার তৎপরতা নিরলসভাবে অব্যাহত রয়েছে।

শোকাবহ পরিবেশ:

এদিকে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় জহুরুলের পরিবারে চলছে শোকের মাতম। উদ্ধার অভিযানে স্থানীয়রাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। নিখোঁজ যুবকের ফিরে আসার অপেক্ষায় নদীর তীরে ভিড় করেছেন শত শত মানুষ। স্বজনদের বুকফাটা আর্তনাদে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।