ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করল পুলিশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন /
ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করল পুলিশ

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলার মনু নদীতে ভেসে ওঠা ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকার (৩৩)-এর মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কুলাউড়ার চাতলাপুর চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে কুলাউড়ার মনু নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়। পরবর্তীতে তদন্ত ও পরিচয় শনাক্তের পর নিহত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাশহর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার বলে নিশ্চিত হওয়া যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, ভারতীয় পুলিশ প্রশাসনের তথ্যমতে নিত্যানন্দ মালাকারের মৃত্যু ৯ মে থেকে ১১ মে বিকেল ৫টা ১৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানানো হয়েছে।

এদিকে মরদেহটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেন ভারতের কৈলাশহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার এবং নিহতের ভাই গৌরাঙ্গ মালাকার। পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, বিএসএফ, পুলিশ সদস্য ও নিহতের পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।