ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন ভাঙাতে অনুরোধ করেছেন আন্দোলনকারী একদল শিক্ষার্থী। এর জবাবে অনশনকারীরা এক ঘণ্টা সময় চেয়েছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোল চত্বরে শপথবাক্য পাঠ করে আন্দোলনকারীরা একসঙ্গে অনশনস্থলে জড়ো হন। তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।
জবাবে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ‘যে দাবি নিয়ে অনশন শুরু করেছি, সে দাবি মেনে না নেওয়া পর্যন্ত খাবার গ্রহণ করবো না। আমার খাবারের প্রতি কোনো আগ্রহ নেই। আমার ভাগের খাবার উপাচার্যকে খেতে দিন।’
পরে শিক্ষার্থীরা অনুরোধ করলে অনশনকারীরা এক ঘণ্টা সময় চেয়ে নেন।
গত ১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের পদত্যাগের দাবিও সামনে আসে।
এরপর ১৬ জানুয়ারি বিকেলে তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে।
আপনার মতামত লিখুন :