কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন /
কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার  কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং  গুণীজনদের সংবর্ধনা এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় হলরুমে বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দীন আহমেদের সৌজন্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফরিদ আহমদের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানবকল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি ও লন্ডন প্রবাসী আব্দুল মামুন চৌধুরী লিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক আব্দুল হক চৌধুরী সায়েস্তা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ব্যবসায়ী স্বপন দেবনাথ, আব্দুল আহাদ, জাহাঙ্গীর সাজু প্রমুখ।
অনুষ্ঠানে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীহারেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিন্টু দেবনাথ এবং  কবি আব্দুল হাই ইদ্রিসীকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আজকের এই সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে প্রবল উৎসাহ জোগাবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, দেশ ও দশের কল্যাণে নিজেদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি গুণীজনদের সম্মান জানানোর এই সংস্কৃতি নতুন প্রজন্মকে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।”
পরে সংবর্ধিত অতিথিবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।