
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. আলতাফুর রহমান (রাসেল)।
তিনি টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মরহুম আব্দুল বারি ও সুফিয়া বেগম দম্পতির দ্বিতীয় ছেলে। রাসেলের একমাত্র বড় ভাই আতাউর রহমান (নোমান) স্থানীয় বড়লেখা পাল্লাথল চা বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা। তাঁর পিতা মরহুম আব্দুল বারি কুলাউড়া উপজেলা হাসপাতালের স্টোরকিপার ছিলেন। আলতাফুর রহমান রাসেল ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি স্থানীয় শাহ্জালাল কিন্টারগার্ডেন স্কুল থেকে। এরপর টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। সর্বশেষ তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার সুযোগ লাভ করেন।
তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই অর্জনকে অনেকেই বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবেই দেখছেন। টিলাগাঁও ইউনিয়নে তিনিই প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনধারী ব্যক্তি।
আলতাফুর রহমানের বড় ভাই আতাউর রহমান জানান, সে ছাত্রজীবনে অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী ছিলো। তার এই পরিশ্রম একদিন তাঁকে জীবনের লক্ষ্যে পৌঁছাবে এমন আত্মবিশ্বাস তার মধ্যে ছিলো। আজ সে- সেরকমই একটি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছে। তিনি জানান, এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, বরং টিলাগাঁও ইউনিয়ন তথা সমগ্র বাংলাদেশের জন্য এই অর্জন অত্যন্ত গৌরবের। তিনি তার ছোট ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :