কুলাউড়ায় দুই গুণীজনকে সংবর্ধনা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় দুই গুণীজনকে সংবর্ধনা
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে খ্যাতিমান জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
ড. আবেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘আমি যখন মৌলভীবাজার স্কুলে পড়েছি, তখন আমি দুনিয়ার একেবারে খুব ব্রিলিয়ান্ট ছিলাম না। কিন্তু আমি কাজে লেগে আছি। বিজ্ঞানের গবেষণায় আমি লেগে আছি। আমার একটা কমপ্লিট কমিটমেন্ট আছে। আমি সবকিছু ত্যাগ করে এটা করছি। আসলে সফলতার মূল ব্যাপারটা হচ্ছে ত্যাগ।’
ছাত্রজীবনের আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘১৯৬৭ সালে যেদিন ইহুদিরা প্রথম জেরুজালেমে প্রবেশ করেছিল, একই সময়ে আইয়ুববিরোধী আন্দোলনও মাথা তুলে দাঁড়িয়েছিল। তখন আমি মৌলভীবাজার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সেখান থেকে বেরিয়ে এসে আন্দোলনে যুক্ত হয়েছিলাম। জেরুজালেমের আন্দোলন আর সিলেটের বিশ্ববিদ্যালয়ের আন্দোলন একই সূত্রে গাঁথা হয়ে একটি কমন আন্দোলনে পরিণত হয়েছিল।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাওরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সুযোগ প্রসঙ্গে ড. আবেদ চৌধুরী বলেন, ‘সাস্টে সিলেটিদের জায়গা নেই। আমাদের কোনো ইকুয়িটি নেই। যেমন হাওর এলাকার মানুষের প্রচণ্ড ট্যালেন্টেড ছেলেমেয়ে রয়েছে। তাদের জন্য তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জায়গা থাকা দরকার। এই কারণেই তো আমরা আন্দোলনটা করেছি।’
দেশের বৈষম্য ও মানুষের বিদেশমুখী হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা হয়তো একশ, দুইশ, এক হাজার, দুই হাজার মানুষ মিলিওনিয়ার, বিলিওনিয়ার। কিন্তু অসংখ্য দরিদ্র মানুষ আছে। তাদের দেশের প্রতি যে আস্থাহীনতা, বিশ্বাসহীনতা; তা তাদের প্ররোচিত করছে বিদেশ চলে যেতে। যেকোনো মূল্যে তারা বিদেশ যেতে চায়। সিলেটিরাও যাচ্ছে।’
মাহিদুর রহমান তাঁর বক্তব্যে দেশ, প্রবাসী বাংলাদেশি এবং কুলাউড়ার মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পরিচালক মাহফুজ আহমেদের সভাপতিত্বে এবং সম্পাদক সঞ্জয় দেবনাথ ও সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) এহসান উদ্দিন চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম এবং সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল।
অনুষ্ঠান শেষে ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানের হাতে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।