উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১২ অপরাহ্ন /
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। ২২ সেপ্টেম্বর এ ফলাফল প্রকাশিত হয়।

জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এবারও দেশের সকল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। দিবসটি উদযাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে।

কুলাউড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।

মোহাম্মদ মাজহারুল ইসলাম ২০০১ সালে লংলা আধুনিক ডিগ্রি কলেজে ইতিহাস বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। পরে পদন্নোতি পেয়ে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হন। মোহাম্মদ মাজহারুল ইসলাম এর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরশহরের চন্দনা এলাকায়। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। তিনি ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান সময়েও শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড সক্রিয় রয়েছেন।

কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মাজহারুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।