তেতুলিয়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন / ০ Views
তেতুলিয়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা

খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড়!

তেতুলিয়ায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন সংবিধানে থাকা ফ্যাসিবাদের বীজগুলো উপড়ে ফেলে একে গণমানুষের আকাক্ষার প্রতীকে রূপান্তর করা হবে। রোববার ১৯ জুলাই বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় আয়োজিত ‍‍`দেশ গড়তে জুলাই পদযাত্রা‍‍` শীর্ষক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সংবিধানের যে ধারাগুলো জনগণের অধিকার সুরক্ষা দিতে ব্যর্থ, তার আমূল পরিবর্তন প্রয়োজন। জুলাইয়ের অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে একমত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি দেখা যাচ্ছে। গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও কিছু মহল তা এড়িয়ে সংবিধান সংশোধন কমিটির কথা বলছে। আমরা এই সংবিধানের ভিত্তি পরিবর্তনের দাবি জানাই।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আর কোনো অটো পাসের সরকার বাংলাদেশে চলতে দেওয়া হবে না। তিনি বলেন, জনগণের সেবা না করে শেখ হাসিনা যেমন ভারতের নির্দেশে সরকার চালিয়েছিলেন, তেমনি কাউকে আর সুযোগ দেওয়া হবে না। যদি কেউ ভারতের শরণাপন্ন হতে চান, তবে তাদের জনগণের কাছে আসার আহ্বান জানান তিনি।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তেঁতুলিয়া ও বাংলাবান্ধা সীমান্তকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এখানে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর অবস্থিত। কোনো বিদেশি শক্তি যদি সীমান্ত দিয়ে পুশইন বা হত্যাকাণ্ডের চেষ্টা করে, তবে বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে দাঁড়িয়ে যেতে হবে। সীমান্ত রক্ষা না হলে ঘরবাড়ি রক্ষা করা সম্ভব নয়।

সারজিস আলম উপস্থিত নেতাকর্মীদের কারো দাসে পরিণত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিবেককে কোনো দলের কাছে বন্ধক দেওয়া যাবে না। কোনো ব্যক্তির দাসত্ব করে দেশের পরিবর্তন সম্ভব নয়। তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে পরিচয় করিয়ে দিয়ে তাকে আগামী উপজেলা নির্বাচনে সমর্থনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ উত্তরাঞ্চলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে বলেন, প্রতি বছরই এই অঞ্চলে কম বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দিলদার হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।তেঁতুলিয়া উপজেলা এনসিপির সভাপতি অবসর প্রাপ্ত সেনাবাহিনী সৈনিক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।