কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ৪ জন আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন /
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ৪ জন আটক
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে মূল হোতাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
র‍্যাব-৯, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ইউসুফপুর সদর এলাকার মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা এলাকার বাবুল মিয়া (২৮), পৃথিমপাশা এলাকার মো. সোয়েব আহমেদ (৩৮) এবং দক্ষিণ বিজলী এলাকার আব্দুল বাসিত (৩৬)।
র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক মকবুল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।