শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবার উদ্বোধন; চিকিৎসক সংকট কাটাতে উদ্যোগের আশ্বাস


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন /
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবার উদ্বোধন; চিকিৎসক সংকট কাটাতে উদ্যোগের আশ্বাস

হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ) থেকেঃ 

দীর্ঘদিন ধরে টেকনোলজিস্টের অভাবে বন্ধ থাকার পর অবশেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে সেবা চালু করা হয়েছে।

 বুধবার (১৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন আনুষ্ঠানিক ভাবে এই সেবার শুভ উদ্বোধন করেন। এর ফলে হাওরবেষ্টিত এই দুর্গম উপজেলার রোগীদের চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন স্বস্তি ফিরে এসেছে।

​উদ্বোধনের আগে জেলা সিভিল সার্জন হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, ডা. যশোবন্ত ভট্টাচার্য, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার, ডা. রাজিব বিশ্বাস, ডা. উমর ফারুক, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, আব্দুল করিম মাস্টারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন, “শাল্লা একটি অত্যন্ত দুর্গম হাওরাঞ্চল। এখানকার মানুষের সেবায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসক থাকা অত্যন্ত প্রয়োজন। আমরা চিকিৎসক সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং আমরা দ্রুত এই সমস্যা  সমাধানে কাজ করে যাচ্ছি।”

​দীর্ঘদিন পর এক্স-রে সেবা চালু হওয়ায় এখন থেকে স্থানীয় দরিদ্র ও সাধারণ রোগীদের শহরে গিয়ে বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হবে না বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।