জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৮:০১ অপরাহ্ন /
জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে আকস্মিক বজ্রপাতে চা শ্রমিকদের ১৩টি গরু ও একটি মহিষ ঘটনাস্থলে মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন চা শ্রমিক তাদের গরু ও মহিষ মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে জুড়ী এলাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শক্তিশালী একটি বজ্রপাত মাঠে থাকা পশুগুলোর ওপর আঘাত হানে।

এতে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়
খবর পেয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম ঘটনাস্থলে যান। তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ছয়জন চা শ্রমিকের ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। ক্ষতিগ্রস্তদের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।