কুলাউড়ার জুনেলের মার্কিন সেনাবাহিনীতে যোগদান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন /
কুলাউড়ার জুনেলের মার্কিন সেনাবাহিনীতে যোগদান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের তরুণ জুনেল আহমেদ। তিনি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী ইউনাইটেড স্টেটস আর্মিতে এসপিসি ই-৪ স্পেশালিষ্ট র‍্যাঙ্কে যোগ দিয়েছেন।

গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে তার এমন অর্জন এলাকায় আনন্দের জোয়ার বইছে।
জুনেল আহমেদ কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের মরহুম আকুল মিয়া ও আনোয়ারা খানমের তৃতীয় সন্তান।
ছোটবেলা থেকেই মেধাবী জুনেল লক্ষ্মীপুর মিশন স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। এরপর কুলাউড়া ডিগ্রি কলেজে ভর্তি হন। পরে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ঢাকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এমএসসি শেষ করার পাশাপাশি নিউইয়র্ক সিটিতে সিভিল ইন্জিনিয়ার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। সম্প্রতি তিনি মার্কিন সেনাবাহিনীর বেসিক কমব্যাট ট্রেনিং বিসিটি সফলভাবে শেষ করে স্পেশালিস্ট এসপিসি হিসেবে দায়িত্ব শুরু করেছেন।

জুনেলের বড় ভাই ফয়সাল আহমেদ বলেন, ও ছোটবেলা থেকেই অসম্ভব পরিশ্রমী আর মেধাবী ছিল। আজ ওর এই সাফল্যে আমাদের পুরো পরিবার গর্বিত। ও শুধু আমাদের মুখ উজ্জ্বল করেনি, পুরো কুলাউড়ার নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। তিনি বলেন, জুনেল আহমেদের এই ঐতিহাসিক অর্জন কুলাউড়াসহ দেশের তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।