
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজ হওয়া মা ও দুই সন্তানকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়া ফাতেমা আক্তার পিংকি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী এলাকার বাসিন্দা সোহেল হাসানের স্ত্রী। সাথে তার দুই সন্তানও ছিল।
পরিবার সূত্রে জানা যায়, পিংকি তার দুই ছেলে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ী থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাদের সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ছিলেন।
এ ঘটনায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করেন থানার এসআই মোস্তাফিজুর রহমান।
পরে হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই তাদের অবস্থান শনাক্ত করে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :