শাল্লায় জাতীয় কবির জন্মজয়ন্তী ও নজরুল শতবর্ষ উদযাপন: শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন / ০ Views
শাল্লায় জাতীয় কবির জন্মজয়ন্তী ও নজরুল শতবর্ষ উদযাপন: শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ):

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মজিদ এবং সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী।

​এছাড়া অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের পাশাপাশি তাঁর সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করে বক্তারা এ চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল শতবর্ষ ও জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।