নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে। পুলিশ মৃতদেহ এবং ঘাতক মাইক্রোবাস গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু মিম আক্তার মায়ের সঙ্গে নানা বাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকেলে টমটম গাড়িযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আসার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে টমটম থেকে নেমে রাস্তা পারাপার করার সময় হঠাৎ দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস শিশু মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :