যুদ্ধের নেশায় পেয়ে বসেছে পশ্চিমাদের: রুশ পররাষ্ট্রমন্ত্রী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২২, ১:৩১ পূর্বাহ্ন /
যুদ্ধের নেশায় পেয়ে বসেছে পশ্চিমাদের: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ কথা বলেন। এ সময় তিনি বলেন, তার দেশ নিজের নিরাপত্তা ও স্বার্থরক্ষা করতে বদ্ধপরিকর।

রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে, সে সম্পর্কে ল্যাভরভ বলেছেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। খবর প্রেসটিভি ও ফক্স নিউজের।

তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়ে বলেছিল, রাশিয়া ইউক্রেনের ভূমিতে হামলা চালালে মস্কোর জন্য ‘কঠোরতম অর্থনৈতিক জবাব’ অপেক্ষা করবে।

সম্প্রতি ব্রাসেলসে ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনেও সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয় যে, রাশিয়ার বিরুদ্ধে এসব দেশের সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য নবায়ন করা হবে।

একই সঙ্গে ইউরোপীয় নেতারা মিনস্ক চুক্তি মেনে চলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে।

তবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান।