কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন / ০ Views
কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অনেক সময় কৃষকরা সাধারণ পোষাকে চলাফেরা করলে অনেকেই তাদের সম্মান করেননা। তাদের অবহেলার চোখে দেখেন। অথচ কৃষকরাই আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন। তারাই সবচেয়ে সম্মানিত নাগরিক। তাই কৃষকদের সম্মান করতে হবে। কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। কারণ কৃষকদের উৎপাদিত পণ্য আমাদেরকে টিকিয়ে রেখেছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল দেশের মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের মিথ্যা প্রলোভন প্রত্যাখান করেছে। তাদের কথায় আর কাজে মিল নেই। কথায় আর কাজে বিশ্বাসী হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন। সরকার গঠনের পরপরই কৃষকের জন্য কৃষি কার্ড ও নারীদের জন্য ফ্যামেলি কার্ড চালু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে নানাবিধ উন্নয়ন হচ্ছে। যেভাবে তিনি উন্নয়নের পথে হাঁটছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হবে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুবেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক নাজমুল বারী সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক বকুল, উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ।  স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মাস সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।
বক্তারা আরো বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। পার্টনার কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। এর আগে শনিবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন মো. শওকতুল ইসলাম এমপি।