কৃষক বাঁচলে দেশ বাঁচবে’: শাল্লায় আধুনিক কৃষির প্রসারে পার্টনার কংগ্রেস


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন /
কৃষক বাঁচলে দেশ বাঁচবে’: শাল্লায় আধুনিক কৃষির প্রসারে পার্টনার কংগ্রেস
হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
​সুনামগঞ্জের শাল্লায় কৃষি খাতের আধুনিকায়ন ও টেকসই প্রযুক্তি প্রসারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)-এর সহায়তায় কৃষকদের উন্নত চাষাবাদে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “হাওর অঞ্চলের মানুষের প্রধান অবলম্বন কৃষি। মনে রাখতে হবে—কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” পাশাপাশি তিনি শাল্লায় বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনের ভূয়সী প্রশংসা করেন।
​অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস’ (GAP) বা উত্তম কৃষি চর্চা। বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সমবায়ভিত্তিক কৃষি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
​উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের প্রকৌশলী তাপস তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহবুবুর রহমান এবং সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিত, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র দাস এবং উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে আধুনিক কৃষি কৌশল ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই করে তোলাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।