সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এস.এস.সিতে সর্বোচ্চ পাসের রেকর্ড এ বছর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২১, ১:০৩ পূর্বাহ্ন /
সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এস.এস.সিতে সর্বোচ্চ পাসের রেকর্ড এ বছর

সিলেট প্রতিনিধিঃ

সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার রেকর্ড করা হয়েছে। বোর্ডের অধীন ২০১২ সালে সর্বোচ্চ পাসের হার ছিল ৯১ দশমিক ৭৮। এবার সেই রেকর্ড ভেঙে পাসের হার ৯৬ দশমিক ৭৮ রেকর্ড করা হয়েছে। ২০০১ সালে বোর্ড প্রতিষ্ঠার পর এসএসসি পরীক্ষার ফলাফলে এটিই সর্বোচ্চ পাসের হার।

সিলেট বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৬৩। জিপিএ-৫ প্রাপ্তিও এবার এই বোর্ডে সর্বোচ্চ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেটের আলমপুর এলাকার সিলেট বোর্ডের সম্মেলনকক্ষে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব মো. কবির আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। ফলাফল ঘোষণার সময় তাঁরা জানান, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় এবার ভালো ফলাফল হয়েছে। এ ছাড়া মানবিক বিভাগের পরীক্ষার্থীরা এবার ভালো ফলাফল করেছে। এ ছাড়া এবার গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষা না থাকায় পরীক্ষার্থীরা আরও ভালো ফলাফল করতে পেরেছে বলে মন্তব্য করেন তাঁরা।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সিলেট বোর্ডের অধীন সর্বোচ্চ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছর বোর্ডের অধীন ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এবার গত বছরের তুলনায় ৩ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী বেশি অংশ নিয়েছিল। গতবারের তুলনায় এবার ৫৭১ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানও বেড়েছে এবার। সিলেট বোর্ডের অধীন এবার ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গতবারের তুলনায় এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৪২টি।