শাল্লায় পিডিবিএফ-এর ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১১:০০ অপরাহ্ন /
শাল্লায় পিডিবিএফ-এর ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

​হাবিবুর রহমান হাবিব,শাল্লা(সুনামগঞ্জ) থেকে: 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে সমিতির সুফলভোগী সদস্যদের নিয়ে ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ২১ জুন শুরু হওয়া এই কর্মশালা ২৫ জুন ২০২৬ তারিখে শেষ হয়।

​প্রশিক্ষণটি পরিচালনা করেন পিডিবিএফ শাল্লা উপজেলা কার্যালয়ের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হুজাইফা ইসলাম সুজন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “হাঁস-মুরগি পালনের আধুনিক ও বাস্তবমুখী এই প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সক্ষম হবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

​পিডিবিএফ শাল্লা উপজেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এবং শাল্লা উপজেলা ভেটেরিনারি সার্জন ড. মোঃ মুকিদুর রহমান। এ সময় পিডিবিএফ শাল্লা উপজেলা কার্যালয়ের মাঠকর্মকর্তা মোঃ আরমান মিয়া সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমিতির সুফলভোগী সদস্যরা অংশ নেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।