
সিলেট প্রতিনিধিঃ
নতুন করে আরও ৩টি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বর্তমানে এসএমপির আওতাধিন ৬টি থানা থাকা সত্ত্বেও নগরের অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের কর্মকর্তারা।
প্রস্তাবিত নতুন থানাগুলো হচ্ছে- গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা।
দেশে বর্তমানে ৮টি নগরে মহানগর পুলিশের কার্যক্রম রয়েছে। এরমধ্যে সিলেট মহানগর পুলিশের আয়তন সবচেয়ে বেশি। ৫১৮ দশমিক ৪৩ বর্গকিলোমিটার আয়তনের এসএমপিতে বর্তমানে তিন হাজার জনবল রয়েছে।
নতুন ৩টি থানা গঠনের উদ্যোগের বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, এরকম একটি প্রস্তাব আমরা জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছি। তারা যাছাই বাছাই করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠাবেন। সেখান থেকে সিলেটের ডিআইজির মাধ্যমে এই প্রস্তাব যাবে পুলিশ সদর দপ্তরে।
নগরের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধও বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। এজন্যে পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে নতুন ৩টি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাগেছে ।
আপনার মতামত লিখুন :