কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন /
০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“দৌড়াও সুস্বাস্থ্যর জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান থেকে চাতলাপুর বর্ডার পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা।
‘টিম শমশেরনগর (বিডি)’-এর আয়োজনে এবং ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায় ও ‘গিগাবাইট’-এর সহযোগিতায় শুক্রবার ভোর ৫টায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দৌড়বিদ অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ কিমি ক্যাটাগরিতে ৩০০ জনের অধিক, ২৫ কিমি ক্যাটাগরিতে ১৫০ জনের অধিক এবং ৫০ কিমি ক্যাটাগরিতে ১৫০ জনের অধিক দৌড়বিদ অংশ নেন। ভোর ৫:০০ টায় ২৫ কিমি ও ৫০ কিমি এবং ৫:৫০ টায় ১০ কিমি দৌড় শুরু হয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন প্রতিভাবান দৌড়বিদরা। এর মধ্যে ৫০ কিমি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মইনুল ইসলাম এবং ১০ কিমি বিভাগে বিজয়ী হন শুভ্র যাদব।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। এছাড়া ম্যারাথন শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত (রেস কো-অর্ডিনেটর), ফয়সাল আল কয়েস চৌধুরী (রেস ডাইরেক্টর), আহমদুর রহমান খোকন (ইভেন্ট ম্যানেজার) ও আবু সাঈদ মোহাম্মদ রাহী (কো-রেস ডিরেক্টর) প্রমুখ।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সবুজ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই সফল ম্যারাথন প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :