শাল্লায় ৩শত লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ০
শাল্লায় ৩শত লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শাল্লা (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩শত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ।

​গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর  রাতে উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নি:) মো. কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বাহাড়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে প্রতাপপুর শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ পন্থায় তৈরি ৩শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

​এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৩) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।