কুলাউড়ায় নজরুলবর্ষের উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন /
কুলাউড়ায় নজরুলবর্ষের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি

নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কুলাউড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল বর্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজতকান্তি ভট্টাচার্য এবং কুলাউড়া উদীচীর সম্পাদক নির্মাল্য মিত্র সুমন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার বক্তব্যে বলেন, সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিককে স্মরণ করে রাখার জন্য ২০২৬-২০২৭ খ্রিস্টাব্দকে নজরুল বর্ষ ঘোষণা করেছে। সারা বছরব্যাপী নানান কর্মসূচীর মধ্যে নজরুল বর্ষ পালন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান কবির, সাবেক প্রধান শিক্ষক ড. মো. আবদুল কাইয়ুম চৌধুরী, আব্দুল বাসিত, ফখরুল ইসলাম, আব্দুল মোহাইমিন, শামসুননাহার, সংগীতশিল্পী গোলাম মোস্তফা পাভেল, সমরেশ দাস রায়, নৃত্য শিল্পী নন্দিতা দাস ও মো. দেলওয়ার হোসেন দূর্জয় প্রমুখ।

আলোচনা শেষে সংগীত শিল্পী সুমিত্রা ভট্টাচার্যের নেতৃত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।