বিএনপি থেকে চূড়ান্ত বহিষ্কার এবার আলমাছের বিরুদ্ধে কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনাস্থা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন /
বিএনপি থেকে চূড়ান্ত বহিষ্কার  এবার আলমাছের বিরুদ্ধে কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনাস্থা

কুলাউড়া প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার পর এবার নিজ সংগঠন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমাছ আহমদের উপর অনাস্থা জানিয়ে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং: চট্ট-২৩৫৯ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি-সম্পাদকের কাছে এ আবেদন করেন সংগঠনের কুলাউড়া উপজেলার সভাপতিসহ ৮ সদস্য।

লিখিত আবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ৮ নভেম্বর গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি সম্পাদকসহ ১১ সদস্য কমিটি নির্বাচিত হয়। কমিটির শপথ গ্রহণের পর থেকে সাধারণ সম্পাদক আলমাছ আহমদ তার একক আধিপত্য ও বিএনপির দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গত ৬ আগস্ট রাতে ব্রাহ্মণবাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনায় সাম্প্রতিক ব্রাহ্মণবাজার থেকে কালাম মিয়া ও আমিন আহমদ নামের দুজন শ্রমিককে উপজেলা শ্রমিক ইউনিয়ন অফিসে ডেকে এনে তাদেরকে ওই সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে আটক করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আলমাছ মিয়াসহ দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করছেন। ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে দেখা যায়।

আবেদনে আরও দাবি করা হয়, আলমাছ সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অপকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শ্রমিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দও উদ্বেগ প্রকাশ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অনাস্থা জানানো শ্রমিক ইউনিয়ন-২৩৫৯ এর সদস্যরা হলেন, সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর, সহ-সভাপতি মুহিবুর রহমান সোয়াবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ মান্না, কোষাধ্যক্ষ মোঃ ছালেক আহমদ, দপ্তর সম্পাদক মিন্টু দাস, লাইন সম্পাদক জামিল হোসেন জামাল, সদস্য মাসুদ হাসান।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট শনিবার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ মিয়াকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলাভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর জানান, সাধারণ সম্পাদ আলমাছ আহমদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা সভাপতি সম্পাদক বরাবর আবেদন করা হয়েছে। এছাড়াও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)’র কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং: চট্ট-২৩৫৯ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আজিজুল হক সেলিম মুঠোফোনে জানান, আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে দু’একদিনের মধ্যে কুলাউড়া উপজেলার শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে বসবো।