
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ষার নতুন পানিতে ডুবে গগন দাশ নামের সাত বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত গগন ওই গ্রামের গণেশ দাশের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে বাড়ির পাশে বর্ষার নতুন পানির কাছে গিয়ে একপর্যায়ে তলিয়ে যায় শিশু গগন। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
স্থানীয় ওয়ার্ড মেম্বার উত্তম কুমার দাস ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অবুঝ এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকিবুজ্জামান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :