সনাতনীরা নির্দিষ্ট কোনো দলের নয়, বরং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেন – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন / ০ Views
সনাতনীরা নির্দিষ্ট কোনো দলের নয়, বরং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেন – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 

পঞ্চগড় জেলা  প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এবারের নির্বাচনে সনাতনীরা প্রমাণ করেছেন তারা একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন। সনাতনীরা নির্দিষ্ট কোনো দলের নয়, বরং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল দেশ ও স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তির মধ্যকার একটি তাৎপর্যপূর্ণ লড়াই।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বোদা-দেবীগঞ্জ উপজেলার সনাতনী সমাজ আমাকে বিপুল সমর্থন দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। সনাতনী সমাজের এ অবদান তিনি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন।

তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সনাতনী সমাজের এ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন এবং আমাকে বিজয়ী করেছেন, এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আমি কথা দিচ্ছি, আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা আমি রক্ষা করব। আপনারা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় পূজা-অর্চনা করতে পারেন এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে পারেন, আমি, আমার দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে সেই নিশ্চয়তা দিচ্ছি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ দুই উপজেলার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ।

এর আগে তিনি বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বগদুলঝোলা বাজারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পর তিনি দেবীগঞ্জের ও বোদা উপজেলার সাতটি স্থানে অনুরূপ মতবিনিময় সভায় মিলিত হন। বিপুল সংখ্যক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে ফেরদৌসী বেগম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতারের মাহফিল অনুষ্ঠানে যোগ দেন।