ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কেই প্রাণ গেল মাওলানা নিয়াজের


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন /
ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কেই প্রাণ গেল মাওলানা নিয়াজের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সিলেট থেকে চাচাতো ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা ময়লার ভাগাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবু তালিবপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের মেঝো ভাই।

নিহত নাজমুল ইসলামের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, তাঁর চাচাতো ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকার একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। বার্ধক্যজনিত কারণে আব্দুল আহাদ মারা গেলে তার লাশ আনতে ফজরের নামাজের পর সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন মাওলানা নাজমুল ইসলাম নিয়াজ। পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়। এসময় চালকসহ প্রাইভেট কারে থাকা অন্য দুজন যাত্রীও মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মাওলানা নাজমুল ইসলাম নিয়াজ জয়চন্ডী ইউনিয়নের স্থানীয় আল হেরা একাডেমির শিক্ষক ছিলেন। শনিবার রাত ৯টার দিকে জানাজার নামাজ শেষে তাকে দাফন করার কথা রয়েছে
এদিকে সাংবাদিক আজিজুল ইসলামের ভাই মাওলানা নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুলাউড়ার নবনির্বাচিত সংসদ সদস্য মো. শওকতুল ইসলামসহ কর্মরত গণমাধ্যমকর্মীগণ।