
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক তিনবারের এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব (কাজী জাফর) অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খানসহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি গতকাল জানান, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট।
এদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিন বারের এমপি, জাতীয় পার্টি (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীকে ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়ায় ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ১০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০ জন। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৮১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২১৮ এবং বাতিল ভোট ৪ হাজার ৬০১। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৫৬.০৪ শতাংশ।
আপনার মতামত লিখুন :