সিলেট প্রতিনিধিঃ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন কিংবা অন্য কোথাও থেকে বিমান অবতরণ করবে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, বন্যার পানিতে রাওয়ের এপ্রোচ লাইট ডুবে গেছে। এ ছাড়া পাওয়ার ক্যাবলগুলো পানির নিচে চলে গেছে। এ অবস্থায় ঝুঁকি এড়াতে ১৭জুন শুক্রবার বেলা ৩টার পর থেকে আগামী তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ শুক্রবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানি থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি জানানো হবে।
আপনার মতামত লিখুন :