জামালগঞ্জে বিএনপির দুইগ্রুপে সংঘর্ষ আহত-১০ এমপির প্রতিনিধির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ০ Views
জামালগঞ্জে বিএনপির দুইগ্রুপে সংঘর্ষ আহত-১০ এমপির প্রতিনিধির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ 

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের ইটপাটকেল, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

থানা ও দলীয় সূত্রে জানা গেছে ৬ তারিখ রাতেই পৃথক কর্মসূচির খবর পেয়ে জামাল থানার অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান ও আহবায়ক কমিটির সদস্য (উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) শাহ্ মো: শাহজাহান  গ্রুপকে জামালগঞ্জ থানা পর্যন্ত ও যুগ্ম আহবায়ক-১  আ:মালেক গ্রুপকে হাসপাতাল গেইট পর্যন্ত স্থান নির্ধারণ করে দিয়ে শান্তি পূর্ণ কর্মসূচীর আহবান জানালে উভয় পক্ষই এতে সম্মতি জানান।
ঘটনার দিন ৭ নভেম্বর আহবায়ক শফিকুর রহমান গ্রুপ তাদের নির্ধারিত স্থান থানা পর্যন্ত মিছিল নিয়ে এলে, অপর গ্রুপ তাদের নির্ধারিত স্থান অতিক্রম করে থানার গেইট এর সামনে চলে আসলে উভয় গ্রুপই মুখোমুখি হয়ে যায়।

পরে নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে দলীয় গ্রুপিং চলছে। ৭ নভেম্বরকে ঘিরে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। অনেকের মতে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো শফিকুর রহমান অপর গ্রুপকে একসাথে দলীয় প্রোগ্রামের আহবান করলেও যুগ্ম আহবায়ক আ:মালিক, আজিজুর রহমান ও মাসুম মাহমুদ তালুকদারের নেতৃত্বে পৃথক প্রোগ্রাম করা হয়েছে বলে জানান।
ঘটনার দিন, মিছিলে এক পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধন মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব আসাদনুর সাদী, মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন সহ অন্য নেতাকর্মীরা।

অপর পক্ষের নেতৃত্বে ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ আব্দুল মালিক ও আজিজুর রহমান, মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু, এমদাদুল হক আফিন্দী, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমানসহ অন্য নেতাকর্মীরা।

‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে এলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এর পুর্বে আমি উভ পক্ষকে শান্তিপুর্ণ কর্মসূচির জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিলাম তারাও সম্মততি দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলের কাছে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় এমপি মহোদয় তাৎক্ষণিক তাহিরপুর থেকে তাঁর কয়েকজন প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।