শিশির মনিরের সম্প্রীতির ডাক: ‘দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই’


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১০:২১ অপরাহ্ন /
শিশির মনিরের সম্প্রীতির ডাক: ‘দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই’

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:

​সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাহাড়া গ্রামের ঐতিহাসিক সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের সম্মিলিত উদ্যোগে এই ‘ঐক্য ও সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

​বাহাড়া গ্রামের বাসিন্দা মেঘলাল দাসের সভাপতিত্বে এবং রঘোনাথপুর গ্রামের করুণা সিন্ধু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

​সমাবেশে অ্যাডভোকেট শিশির মনির একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রস্তাব তুলে ধরেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন:

​“আপনারা ভোটার নন, আপনারা হচ্ছেন প্রকৃত বিচারক। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য আমাদের (প্রার্থীদের) এক টেবিলে বসান, আমরা একে অপরকে প্রশ্ন করব, যুক্তি-তর্ক করব। আর আপনারা বিচারকের মতো ঠান্ডা মাথায় তা শুনে রায় দেবেন। যদি এই স্বচ্ছতা থাকতো, তবে মানুষ সহজেই যোগ্য প্রতিনিধি বেছে নিতে পারতো”।

​তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষের মান-সম্মান রক্ষা এবং জাতীয় সংসদে এলাকার মানুষের অধিকার নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন—এমন যোগ্য প্রতিনিধি নির্বাচন করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সুষম উন্নয়নের জন্য নেতৃত্বের গুণাবলী যাচাইয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন​হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ​বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু,​বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী,​এনসিপি নেতা আব্দুল গাফফার।

​এছাড়া আরও বক্তব্য রাখেন শাহিনুর রহমান রাসেল, আমিনুল মিয়া, শ্রীকান্ত দাস ও আজহার উদ্দিন প্রমুখ।

​বক্তারা দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে অ্যাডভোকেট শিশির মনিরের সাহসী নেতৃত্ব ও আইনি মেধার ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ঐতিহাসিক সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সকল ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তারা উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, অ্যাডভোকেট শিশির মনির সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান এবং সুষম উন্নয়নে বিশ্বাসী, যার প্রতিফলন ঘটেছে আজকের এই বিশাল সমাবেশে।