যে কারণে ফের বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি বাবু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন /
যে কারণে ফের বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি বাবু

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।

ফের বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। ৬০ বছর বয়সে এবার তিনি দ্বিতীয় বিয়ে করলেন। কনে ২৪ বছর বয়সী তরুণী। স্ত্রী, সন্তানরা যুক্তরাজ্য থেকে দেশে না আসায় নিঃসঙ্গতা থেকে তিনি এ বিয়ের সিদ্ধান্ত নেন।

রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন। তারা দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকীত্ব জীবন অতিবাহিত করছি। এ জন্যই মূলত পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।

এলাকাবাসী জানান, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এমএ মুনিম চৌধুরী বাবু ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে। রাজনীতি করার কারণে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। যুক্তরাজ্যে যেতেও চান না আর। স্থায়ীভাবেই দেশে বসবাস করতে চান। তবে তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে যুক্তরাজ্য থেকে দেশে আসতে চান না। তারা দীর্ঘ কয়েক বছরের মধ্যে একবারের জন্যও দেশে আসেননি।

এদিকে ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালেও স্ত্রী, সন্তানরা দেশে আসেননি। ইতোমধ্যেই পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজে পড়ুয়া তানিয়া আক্তারের সঙ্গে। আর সেই থেকেই ভালোলাগা, ভাব বিনিময়। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।

রোববার (১৫ মে) আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়িবহর নিয়ে বিয়ের অনুষ্ঠানস্থলে যান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।