মৌলভীবাজারের দু’টি উপজেলায় সহিংসতার আশঙ্কা নিয়ে আজ ভোটগ্রহণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ন /
মৌলভীবাজারের দু’টি উপজেলায় সহিংসতার আশঙ্কা নিয়ে আজ ভোটগ্রহণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সহিংসতার আশংকার মধ্যেই ভোটগ্রহণ হবে আজ ৫ জানুয়ারি বুধবার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক প্রার্থীরা। তাঁরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্ব্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ রোববার পঞ্চম ধাপের নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গলের আশিদ্রোন ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমশেরনগর, আলীনগর, ইসলামপুর, মাধবপুরসহ কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটেছে। প্রচারণার শেষ দিনেও বিভিন্ন ইউনিয়নে সহিংসতার খবর পাওয়া গেছে। এমনকি স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থী নৌকার অফিসে হামলা করে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জনকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় দুই উপজেলার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভোটগ্রহণের দিন সহিংসতা আরো ব্যাপক হতে পারে বলে ধারনা করছেন সাধারণ ভোটাররা।

উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, সুষ্ঠু নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়াও উপজেলা জুড়ে নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে শ্রীমঙ্গলে উপজেলায়র ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন এবং সাধারণ সদস্যপদে ৩৮৫ জন এবং কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী লড়ছেন। শ্রীমঙ্গলে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন, মহিলা ভোটার ১লক্ষ ৫ হাজার ৮৭৬ এবং পুরুষ ভোটার ১লক্ষ ৮ হাজার ১৬৭ জন। ১শ টি কেন্দ্রের ৫৩০ বুথে এবং কমলগঞ্জে মোট ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৪০৫, অস্থায়ী ৩৯ অস্থায়ী ভোট কক্ষে ১ লাখ ৮৯ হাজার ৩৮। এর মধ্যে পুরুষ ভোট ৯১ হাজার ৪শত ১১ জন ও মহিলা ৮৯ হাজার ৫শত ২৫ জন ভোটার ভোট দেবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটার যাতে ভোট দিতে পারেন এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।