তেঁতুলিয়ায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সভাপতি সোহবার আলী সাধারণ সম্পাদক মিজানুর রহমান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন / ০
তেঁতুলিয়ায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সভাপতি সোহবার আলী সাধারণ সম্পাদক মিজানুর রহমান

খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা মো. সোহরাব আলীকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওলানা মো. আরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতী মহিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং ওলামা দলের নেতা মিজানুর রহমান ও মাওলানা মো. আরশাদ আলীসহ অনেকে। এ সময় জেলা বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন। তাঁরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতী মহিবুর রহমান উপজেলা ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা মো. সোহরাব আলীকে পুনরায় সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মো. আরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।