হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন /
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে 
‎হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) সঙ্গে ঢাকাগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
‎পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
‎দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি রেকারের সাহায্যে সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।