কুলাউড়ায় সড়কে প্রাণ গেল যুবকের


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:০১ অপরাহ্ন /
কুলাউড়ায় সড়কে প্রাণ গেল যুবকের
কুলাউড়া প্রতিনিধি 
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক প্রাণ হারিয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম দেবজিত দুলাল মৃদুল (২৪)। সে কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতব্বর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ কুলাউড়ায় আনা হবে।