কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১; থানায় অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন /
কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১; থানায় অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাসেল মিয়া নামে একজন আহতের ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর রাত ৮টায় শমশেরনগর রেলস্টেশন প্লাটফর্মে হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী রাসেল মিয়া, শমশেরনগর বাজার অটোচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাছিত আলী, সাহাবউদ্দীন, হাছান আলী বলেন, শমশেরনগর অটোরিক্সা চালক সমিতির সভাপতি শফিক মিয়া ও তার সহযোগী জাকির মিয়া, সামাদ মিয়া, নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে দুই শতাধিক অটোরিক্সা থেকে অবৈধভাবে দুই হাজার, তিন হাজার টাকা ও মাসিক একশ’ টাকা হারে আদায় করেন। তাদেরকে এই হারে টাকা না দিলে তারা অটোরিক্সা চালাতে দেন না। আদায়কৃত চাঁদার টাকা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে নেয়। তাদেরকে এধরনের চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ৪ সেপ্টেম্বর রাত ৮টায় লাটিসোটা দিয়ে হামলা চালিয়ে রাসেল মিয়াকে আহত করে এবং প্রাণে মারার হুমকি দেয়। এঘটনায় রাসেল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে। চিকিৎসা শেষে রাসেল মিয়া বাদী হয়ে শফিক মিয়াসহ ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

তবে অভিযুক্ত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, এখন চাঁদা তোলা সম্পূর্ণ নিষেধ। আগে সাধারণ সম্পাদক রাসেল মিয়া চাঁদা আদায় করতো, সে বিষয় নিয়ে গত ৪ সেপ্টেম্বর মারামারি ঘটনা ঘটে। আমরা টাকা তোলা বন্ধ করেছি। রাসেলের বিরুদ্ধে চাঁদা আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। সে নানাভাবে আমাকে হুমকি ধামকি দিচ্ছে।

এদিকে স্থানীয় অটোচালকরা জানান, শমশেরনগর বাজারে অটো চালাতে গেলে ভর্তি ফি হিসেবে দেড় থেকে দুই হাজার টাকা এবং মাসিক ভিত্তিতে একশ’ টাকা হারে প্রদান করতে হয়। এই টাকা থেকে পুলিশকেও একটি অংশ দিতে হয়, অন্যতায় গাড়ি চালানো সম্ভব নয় বলে অটো চালক সমিতির নেতারা আমাদেরকে জিম্মি করে টাকা নিয়ে যান।

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে শমশেরনগর ফাঁড়িতে তদন্তের জন্য দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।