
কুলাউড়া প্রতিনিধি
প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ও শিকড়া গ্রামের মনুনদীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
বুধবার (৮ জুলাই) গভীর রাত থেকে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়া গ্রামের একটি বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে শিকড়া, রাজাপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বহু বসতবাড়ি, কৃষিজমি ও গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার। ভাঙা বাঁধ দিয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করছে। স্থানীয়রা বাঁধটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গত বছরও ভারতের দিক থেকে নেমে আসা পানিতে এই এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও একইভাবে বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া ও তাজপুর এলাকায় দুটি স্পট ঝুঁকিতে রয়েছে। পানি বৃদ্ধি পেলে যেকোনো সময় ভাঙ্গনের সম্ভাবনা থাকতে পারে বলে জানান স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ জানান, গত রাত থেকে মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ভাঙ্গা স্পট আমি পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :