
ডেস্ক রিপোর্টঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার এলাকায়। স্থানীয়রা জানান, ৭ ডিসেম্বর মঙ্গলবার প্রতীক পাওয়ার পর রাণীগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম আশিকের মোটরসাইকেল প্রতীক ও আরেক চেয়ারম্যান প্রার্থী আমান উদ্দিন আহমদ লেচুর চশমা প্রতীকের সমর্থনে তাদের সমর্থকরা পৃথকভাবে সন্ধ্যায় মিছিল করেন।
এ সময় উভয়পক্ষের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম আশিক পক্ষের সমর্থকরা জানান, আমরা মিছিল শেষে ফেরার পথে তারা পেছন থেকে ইটপাটকেল ছুঁড়ে আঘাত করায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাজিব মিয়া, উজ্জল মিয়া, শাহিদ মিয়া, মাসুম মিয়াসহ উভয়পক্ষের ৮ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ও প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :