ছোবল দেওয়া সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন /
ছোবল দেওয়া সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাছ ধরতে গেলে নাজমুল ইসলাম (২৩) নামের এক যুবকে ছোবল দেয় একটি সাপ। পরে সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন ওই যুবক ও তার স্বজনেরা। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই সাপের ছোবলের রোগী।

নাজমুল উপজেলার তিরনই হাট ইউনিয়নের সংকরপাড়া
এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তিরনই হাট
ইউনিয়নের সংকরপাড়া এলাকায় তার বাঁ পায়ে ছোবল দেয় সাপটি।

নাজমুলের পরিবারের সদস্যরা বলেন, গতকাল সন্ধ্যার পর দুজনকে নিয়ে মাছ ধরতে বের হন নাজমুল। পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বাঁ পায়ে কামড় দেয় সাপটি। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে সাপটিসহ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপটি দেখে তাকে সেই ‍অনুযায়ী চিকিৎসা দেন চিকিৎসকেরা। বর্তমানে নাজমুল সুস্থ আছেন।

সাপ নির্বিষ হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দিতে হয়নি বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল রহমান। তিনি বলেন, রোগীর লোকজন মেরে ফেলা সাপটিও সঙ্গে নিয়ে এসেছিলেন। আপাতত ওই রোগী পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন।