
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, চাউল এবং “কৃষি কার্ড” বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ ২৬ মে (মঙ্গলবার) শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত উপকারভোগী কৃষকদের হাতে এই অনুদান ও সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে প্রাথমিকভাবে উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১২ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাউল তুলে দেওয়া হয়েছে। এছাড়া আজকেই প্রায় ১ শত জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই সহায়তা তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে আগামী ঈদুল আজহার পর পরই ৪টি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে চূড়ান্তভাবে বাছাইকৃত মোট ১০ হাজার ১ শত ২৫ জন কৃষকের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হবে। দুর্যোগ কাটিয়ে উঠতে কৃষকদের পাশে দাঁড়াতে টানা তিন মাস নগদ অর্থ ও চাউলের এই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, এবারের অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে হাওরাঞ্চলের এই উপজেলায় কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার ফলে স্থানীয় কৃষকরা চরম সংকটের মুখে পড়েছেন। তবে স্থানীয় কৃষকদের দাবি, উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তুলনায় এই “কৃষি কার্ড” এর সংখ্যা অনেক কম। ফলে এখনো বহু ভুক্তভোগী কৃষক এই সুবিধার আওতায় বাইরে রয়ে গেছেন। তারা কার্ডের সংখ্যা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উক্ত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার মূল দায়িত্বে ও শাল্লায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মোহাম্মদ আবু সাঈদ, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নিত্যান্ত দাস নিতাই এবং ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চন্দ্র চৌধুরী এবং শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার। অনুষ্ঠানে শাল্লা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসন করা অত্যন্ত জরুরি। তারেক রহমানের এই মানবিক সহায়তা কৃষকদের সাময়িক সংকট কাটিয়ে উঠতে এবং আগামীতে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা গ্রহণকালে নগদ টাকা ও চাউল পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। সরকারি দপ্তরে বসে এমন স্বচ্ছ প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী মানবিক উদ্যোগের সুফল পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :