কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরের ভাটেরা অংশে নৌকাডুবিতে তানিম সিদ্দিকী (১৯) নামে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩) জুন বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। ঘটনার ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় হাওর থেকে তানিমের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ভাটেরা স্কুল এন্ড কলেজের চলতি বছর এইচএসসি পরীক্ষার্থীও ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তানিমসহ ৮ যুবক বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে দাওয়াত খেতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ৭ জন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়দের সাথে নিয়ে তানিমের স্বজনরা নৌকা দিয়ে তাকে হাওরে খুঁজতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা পর রাত পৌনে ১০টায় পানিতে তার মরদেহ পাওয়া যায়।
ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একে এম নজরুল ইসলাম বলেন, তানিমের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ছেলেগুলো দাওয়াত খেয়ে ফেরার পথে নৌকায় হৈ-হুল্লোড় করছিল। ওই সময় আবহাওয়াও খারাপ ছিল। সবমিলিয়ে নৌকাটি উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মঙ্গলবার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :