সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ন /
সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

রোববার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করে পরীক্ষা  নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, “এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘‘গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’’

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাবে ফল।