এইচএসসির ফল প্রকাশিত: সিলেট বোর্ডে পাসের হারে রেকর্ড


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ১২:০১ পূর্বাহ্ন /
এইচএসসির ফল প্রকাশিত: সিলেট বোর্ডে পাসের হারে রেকর্ড

সিলেট প্রতিনিধিঃ

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাসের হারে রেকর্ড গড়েছে সিলেট শিক্ষাবোর্ড। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ২০০১ সালে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে পরীক্ষা অনুষ্ঠিতের মধ্যে এইচএসসিতে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ পাসের হার। এর আগে ২০১২ সালে রেকর্ড গড়ে পাশের হার ছিলো ৮৫ দশমিক ৩৭ শতাংশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

তিনি জানান, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর (২০২০ সাল) এই্চএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।

তিনি আরও জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন।

জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তারমধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ২ হাজার ১৯৩ এবং ছাত্রী সংখ্যা ২ হাজার ৫৩৮ জন।