
সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফুড কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি আহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর নয়াসড়ক এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় আহত আব্দুল আলী (২৫) এক ছিনতাইকারীকে ঝাপটে ধরলেও আরো দু’জন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, আটককৃত শিপন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আটককৃত ছিনতাইকারীর নাম শিপন আহমদ (২৮)। সে সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া (তালাপাড়) গ্রামের লালসাদ আহমদের ছেলে। সে বর্তমানে নগরীর কাজিটুলার একটি বাসায় ভাড়া থাকে।
ছিনতাইয়ের শিকার ওই যুবকের বাবা আবুল কাশেম জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আব্দুল আলী ৪৫ হাজার টাকা নিয়ে বাসা যাওয়ার পথে নয়াসড়ক পয়েন্টেস্থ ফুলকলির সামনে ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নিতে চায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় আহত অবস্থায় আব্দুল আলী ছিনতাইকারী শিপনকে ঝাপটে ধরে চিৎকার দেয়। তখন স্থানীয় লোকজনসহ পথচারী এগিয়ে আসলে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী শিপনকে আটক করে। পরে আহত আব্দুল আলীকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :