শিয়ালের কামড়ে পঞ্চগড়ে অসুস্থ্য ৭ জন 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন /
শিয়ালের কামড়ে পঞ্চগড়ে অসুস্থ্য ৭ জন 

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি!

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।আহতরা হলেন, সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫)।

আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত সৃষ্টি হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান

বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে ৭ জন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।