সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়ার নাইমের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:২২ অপরাহ্ন / ০
সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়ার নাইমের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মৃত্যুবরণ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের এক তরুণ প্রবাসী। নিহত যুবকের নাম নাইম আহমেদ অলি (২৪)। তিনি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের বাসিন্দা ইলিয়াছ আহমদের দ্বিতীয় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইম আহমেদ অলি ২০২০ সালে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পড়াশোনা শেষে পরিবারের হাল ধরতে তিনি কিছুদিন রবিরবাজার-টিলাগাঁও সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালান। পরবর্তীতে উন্নত জীবনের প্রত্যাশায় প্রায় দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত নাইমের বন্ধু আহমেদ আজিজ। তিনি জানান, গত রবিবার (৯ নভেম্বর) রাতে দুবাই পুলিশের মাধ্যমে নাইমের মৃত্যুর খবর দেশে পৌঁছায়। আকস্মিক এ মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে নাইমের মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, নাইমের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাঁরা নিজেরাও এখনো জানতে পারেননি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রবাসে যোগাযোগ করা হচ্ছে এবং বিস্তারিত জানলে পরবর্তীতে জানানো হবে।